গাজীপুরের চন্দ্রা এলাকা হতে অভিনব কায়দায় আমের ট্রাকে পরিবহনকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১.৮৬০ কেজি হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব- ৪।
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৩ জুলাই ২০২৪ তারিখ সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি টাকা মূল্যমানের ১.৮৬০ কেজি হেরোইন ও মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকসহ নিম্নোক্ত ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
মোঃ শাহীন (৩৮), জেলা-চাঁপাইনবাবগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী বেশ দীর্ঘদিন যাবৎ পণবাহী ট্রাকে পণ্য পরিবহণের আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।